
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অস্কারের জন্য বাংলাদেশ থেকে ছবিটি নির্বাচিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এগুলো হলো—নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাই শেষে চারটি সিনেমা বিবেচনায় নেওয়া হয়। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।
অস্কারের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে যাওয়ার সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। রোববার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনুভূতিটা ভালো, আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে। রইদ এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘একটা সময় অস্কারে বাংলাদেশ থেকে যাওয়ার মতো ছবি সেভাবে ছিল না। বেশ কয়েক বছর ধরে ভালো মানের ছবি অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা আশার দিক বলে মনে করছি। একটা সময় হয়তো বাংলাদেশ এর সুফলও পাবে।’
‘রইদ’ সিনেমায় সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর গল্প তুলে ধরা হয়েছে। প্রেম ও নীরবতার আবহে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের আখ্যানকে পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
‘রইদ’ অস্কারের জন্য নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় অভিনেত্রী নাজিফা তুষিও আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে, এই যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করতে পারে।
বাংলাদেশের অস্কার কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে ‘রইদ’ নির্বাচিত হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন—সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
এখন ‘রইদ’-এর সামনে অপেক্ষা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নেওয়ার।