.jpg)
চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজধানীতে নিজের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রোপার্টিজে তাঁর স্টুডিওতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁর।
সালমান মুক্তাদিরের দাবি, বিএনপির কয়েকজন তাঁর কাছে চাঁদা চেয়েছিলেন। তিনি সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে তাঁর স্টুডিওতে হামলা চালানো হয়। এ সময় সেখানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে ভিডিও বার্তা
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন সালমান মুক্তাদির। সেখানে তিনি বলেন, ‘এই ভিডিওটা শুধু বানানো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য, প্লিজ আপনি কোনো টেনশন নিবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
ভিডিওতে স্টুডিওতে ভাঙচুরের চিত্র দেখিয়ে মুক্তাদির বলেন, ‘এই রকম কোনো স্টুডিও বাংলাদেশে ছিল না। এটা ভাঙার পরও আমি কেন ভেঙে পড়ছি না, কারণ বাংলাদেশে যাঁরা নতুন কিছু করতে চান, তাঁদের জন্য নতুন কিছু শেখাতে চাই।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি কারও তোষামোদি না করেন, আপনার যদি কোনো ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনো পলিটিকস না করেন, সিকিউরিটি টাকা পয়সা দিয়ে কিনতে না পারেন, তাদের সঙ্গে বাংলাদেশে এমনটাই ঘটবে। সে জন্য আমরা বলি পায়ের নিচে মাটি শক্ত না থাকলে আমাদের কিছু করা উচিত না।’
‘আমি স্ট্রং বলেই এভাবে কথা বলছি’
নিজের অবস্থান ব্যাখ্যা করে মুক্তাদির বলেন, ‘আমি এভাবে কথা বলছি কারণ আমি স্ট্রং, কিন্তু অনেকে এটা নিতে পারবে না, কারণ বেশির ভাগ মানুষ স্ট্রং না।’
তিনি বলেন, ‘গত ১২ বছরে আমি একটা ছোট্ট রুম থেকে এ পর্যায়ে এসেছি। তোমরা যদি বাংলাদেশে কোনো স্বপ্ন দেখো, তাহলে তোমাদের ক্ষেত্রেও এটাই (ভাঙচুরের চিত্র দেখিয়ে) হবে।’
‘আমার স্বপ্ন আমি পূরণ করছি’
স্টুডিওতে হামলার ঘটনায় জড়িতদের উদ্দেশে মুক্তাদির বলেন, ‘আমার যে স্বপ্ন ছিল, তা আমি পূরণ করছি। বিএনপির যারা এটা করেছ, তোমরা এর থেকে বড় আর হতে পারবা না। এটাই তোমাদের নেচার।’
পরে নিজের সহকর্মীদের উদ্দেশে কথা বলেন তিনি। মুক্তাদির বলেন, ‘এই অফিসের খেটে খাওয়া মানুষগুলো কান্না করছে।’ তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব। তোমরা চিন্তা করো না।’
ভিডিওতে এ সময় কয়েকজনকে কান্না করতে দেখা যায়। তাঁদের সান্ত্বনা দেন সালমান মুক্তাদির। ওই সময় তাঁর স্ত্রীকেও তাঁর পাশে দেখা যায়।