-6ab89f23c1317.webp)
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর বাগিচাগাঁও এলাকায় হোসনে আরা বকুলের নিজ বাসায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে হোসনে আরা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে হোসনে আরা বকুলের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিলেন ভাইস চেয়ারম্যান
হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।