
কাজের প্রস্তাবের কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তরুণ মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।
রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেন, একটি বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে নিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা স্নিগ্ধা চৌধুরী সম্প্রতি কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন।
মামলার এজাহারে স্নিগ্ধা উল্লেখ করেন, ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেননি। পরে ন্যায়বিচারের প্রত্যাশায় থানায় মামলা করেন।
এজাহার অনুযায়ী, অভিযুক্ত চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামে অন্য এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্নিগ্ধার দাবি, ওই নারী অভিযুক্ত ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে ধারণা করা হয় এবং ভুল পরিচয়ের কারণেই তিনি নির্যাতনের শিকার হন।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত ইমন নামের এক ব্যক্তি পরিস্থিতি শান্ত করার পরিবর্তে তাকে ওই নারীর পরিচয় স্বীকার করতে চাপ দেন।
মামলায় স্নিগ্ধা দাবি করেছেন, নির্যাতনের সময় তার হাত-পা বেঁধে রাখা হয়, গলা চেপে ধরা হয়, চুল টেনে ধরা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তার ভাষ্য, এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে।
খিলক্ষেত থানায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলায় অভিযুক্ত মো. নজরুল ইসলাম ভূঁইয়া বা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।