
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে এর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উপমহাদেশের অন্যতম “আইকনিক বহুমুখী সংগীতশিল্পী” হিসেবে আশা ভোঁসলে সংগীতজগতে অসামান্য অবদান রেখে গেছেন। আট দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন।
তিনি আরও বলেন, শাস্ত্রীয়, লোকসংগীত, পপ ও গজলসহ নানা ধারার গানে অনন্য দক্ষতার মাধ্যমে আশা ভোঁসলে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণসহ বহু পুরস্কার অর্জন করেন। এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
তার মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।