
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন দেওয়ার জন্য পৃথক আদেশ জারির অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ আদেশ জারির পর শিক্ষক-কর্মচারীদের পে-ফিক্সেশন করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত পাঁচ থেকে সাত দিন সময় দেওয়ার পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির একটি সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী পে-ফিক্সেশন করতে হবে। তবে এ কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারি হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে মাউশি।
এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘এমপিওভুক্ত জনবলের পে-ফিক্সেশন করতে হবে। অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারির পর এ সংক্রান্ত করণীয় জানাবে মাউশি। বিষয়গুলো নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি।’
এর আগে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যকর করতে পৃথক আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে আবারও চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত সোমবার পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো পে-স্কেল সংক্রান্ত আদেশ জারি করা হয়নি। এ কারণে তাদের জন্য আলাদা আদেশ জারি করা প্রয়োজন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে আরেকটি চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের বেতন-ভাতা প্রদান করতে হলে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষকদের চাকরিসংক্রান্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং সার্বিক সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।
এ লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।