
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর এমিরিটাস দাতুক ড. সিতি হামিশাহ বিনতি তাফসির চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফরের প্রথম দিনে তিনি ঢাকার বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন করেন।
ক্যাম্পাসে পৌঁছালে প্রো-ভাইস চ্যান্সেলর, প্রভোস্ট, রেজিস্ট্রারসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
সফরের শুরুতে ইনসাইট ইন্সটিটিউট অব লার্নিংয়ের (আইআইএল) চেয়ারম্যান এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সঙ্গে বৈঠক করেন প্রফেসর সিতি হামিশাহ। বৈঠকে বাংলাদেশ ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট, ডিন ও ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. কুশাইরি বিন মুহম্মদ রাজুদ্দিন, আইআইএলের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজিম উদ্দিন আহমেদ (অব.), ভাইস প্রেসিডেন্ট আনিজা পারভীন, ভাইস প্রেসিডেন্ট-একাডেমিক প্রফেসর ড. এইচ এম জহির, প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.) এবং রেজিস্ট্রার প্রফেসর শাহ সামিউর রশিদ।
দুপুরে বাংলাদেশ ক্যাম্পাসের হলরুমে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন প্রফেসর সিতি হামিশাহ। উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান পদ্ধতি, কারিকুলাম ও ক্যাম্পাস জীবন নিয়ে মতবিনিময় করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর।
দিনের শেষভাগে একই স্থানে ‘লিডারশিপ অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি পাবলিক লেকচার দেন প্রফেসর সিতি হামিশাহ।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান এবং মালয়েশিয়ান হাইকমিশনের হেড অব চ্যান্সারি হাজওয়ান হাসনল উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক প্রফেসর এ কে এনামুল হক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এন এম মেশকায়েত উদ্দিন এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।