
আগামী বছরের (২০২৭) এপ্রিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমাবর্তনে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পর বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য।
এ সময় রাষ্ট্রপতি সমাবর্তনে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন এবং এতে যোগ দেওয়ার সম্মতিও দিয়েছেন বলে জানান উপাচার্য।
বৈঠকে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতিষ্ঠার ৫৫ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র ছয়বার। সর্বশেষ ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সময়ে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেবার প্রায় ১৫ হাজার গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী সমাবর্তনে অংশ নেন।