
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে আধুনিক শিক্ষা কার্যক্রম সচল রাখতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
তিনি বলেন, বিদ্যুতের ওঠানামা ও সরবরাহের সমস্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাব কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না। তাই প্রথমে সোলার প্যানেল, এরপর মাল্টিমিডিয়া ক্লাসসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কর্মসূচি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল খালেক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় তার ম্যান্ডেট অনুযায়ী কলেজগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা ও সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, গানবাজনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চার সুযোগ দিতে হবে। এসব কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আধুনিক শিক্ষার সহায়ক উপকরণ সরবরাহের কথা জানিয়ে সচিব বলেন, মাল্টিমিডিয়া ক্লাসসহ আধুনিক শিক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা পর্যায়ক্রমে দেওয়া হবে। তবে এসব কার্যক্রম পরিচালনায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, গত ১৫ বছরে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাবসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও অনেক সরঞ্জাম বর্তমানে কার্যকর নেই। দীর্ঘদিন পড়ে থাকায় অনেক সরঞ্জাম অকেজো হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীজনদের নিয়ে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে।
সচিব জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপন করা হবে। এরপর মাল্টিমিডিয়া ক্লাস এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমাদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।