
শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে শিক্ষার লক্ষ্য সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
শুক্রবার (২১ আগস্ট) সাভারে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা সভায় উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রণয়ন করতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের হাতে-কলমে অভিজ্ঞতা ও বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগও বাড়াতে হবে।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরির সুযোগ চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা উপদেষ্টা। একই সঙ্গে মেধাবীদের দেশ ছাড়ার প্রবণতা বা ব্রেইন ড্রেইন ঠেকাতেও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।