
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। ২০০৭ সালের পর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবারই সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। অর্থাৎ গত ১৯ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট।
স্কুলজীবনের গণ্ডি পেরোনোর এই পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী, যা মোট পাস করা শিক্ষার্থীর ১০ দশমিক ২৪ শতাংশ। গত বছর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
২০২১ সালে দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। অন্যদিকে, ২০০৭ সালে পাসের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। আর দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের দীর্ঘদিনের রেওয়াজ থাকলেও এবার তা সম্ভব হয়নি।
অবশেষে সোমবার সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছে।
১১ বোর্ডে পাস ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাস করেছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
পাস ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে মেয়েরা
এবারও পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা—দুই দিক থেকেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের মধ্যে পাস করেছে ৬৬ দশমিক ৬৮ শতাংশ।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ ছাত্র অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন।
অন্যদিকে, পরীক্ষায় অংশ নেয় ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী। তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন।
জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন
এবার পূর্ণাঙ্গ জিপিএ অর্থাৎ পাঁচে পাঁচ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।