
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি।
রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র, যা মোটের ৪৫ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী বৃত্তি পেয়েছে, যা মোটের ৫৪ দশমিক ৭১ শতাংশ।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, স্বীকৃতি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই ২০২৬ সালের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬ অনুযায়ী এবার মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত ছিল। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০টি। ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়।
সাধারণ বৃত্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের জন্য ৩৯ হাজার ৬০০টি বৃত্তি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক পাঁচটি করে বরাদ্দ রাখা হয়। পাশাপাশি বেসরকারি বিদ্যালয়ের জন্য উপজেলাভিত্তিক ২০ শতাংশ সাধারণ বৃত্তি সংরক্ষণ করা হয়।
মন্ত্রী আরও জানান, এবার দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। এর মধ্যে ২ লাখ ৫৬ হাজার ১১৭ জন ছাত্র এবং ৩ লাখ ৮৮ হাজার ৯২৪ জন ছাত্রী।
পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন শিক্ষার্থী, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ। সরকারি বিদ্যালয় থেকে অংশ নেয় ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৭৫ হাজার ৮৫৫ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন ছাত্র এবং ২ লাখ ৫৩ হাজার ৩৪১ জন ছাত্রী।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে মোট ৪৬ হাজার ২৮১ জন, যার মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন।
এদিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বৃত্তির ফল অনলাইনে আপলোডের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ফলাফল ওয়েবসাইটে প্রকাশ হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।