
চলমান এইচএসসি পরীক্ষা-২০২৬ ঘিরে প্রশ্নপত্রের নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষাকক্ষে পৌঁছে দেওয়া থেকে শুরু করে পরীক্ষার্থীদের হাতে বিতরণ—প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে কেন্দ্রসংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়। দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো পরীক্ষাকক্ষে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্নপত্র সরবরাহ করা যাবে না। পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বিতরণ শেষ হলে অব্যবহৃত বা অতিরিক্ত প্রশ্নপত্র নির্ধারিত বিধি অনুসারে নিরাপদে সংরক্ষণ করতে হবে।
নির্দেশনায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা এর কোনো অংশ পরীক্ষাকক্ষের বাইরে নেওয়া যাবে না।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক এবং সংশ্লিষ্ট সব কর্মীকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি জারি করা বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করার আহ্বান জানিয়েছে।
জরুরি এই নির্দেশনার অনুলিপি দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের কাছেও পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছেও চিঠি পাঠানো হয়েছে।