
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং তার সাবেক ছাত্র অধ্যাপক মোহাম্মদ আজম।
তিনি জানান, রোববার দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে মিরপুর-১ নম্বর এলাকার একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে, হার্ট ফাউন্ডেশনে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন এবং বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাহিত্য, সংস্কৃতি ও চিন্তাচর্চায়ও ছিল তার উল্লেখযোগ্য অবদান। তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র সম্পাদনা করেছেন এবং ২০টির বেশি গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির সহজ কথা। এছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি ও স্বদেশচিন্তাসহ একাধিক গ্রন্থ।
সাহিত্য ও ভাষা-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।