
দীর্ঘ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৭ জুন (রোববার) থেকে আবারও খুলছে। টানা ছুটির বিরতি শেষে শ্রেণিকক্ষে ফিরতে যাচ্ছে সারা দেশের লাখো শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হবে ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় কার্যত টানা ১৬ দিনের বিরতি শেষে ৭ জুন থেকে পাঠদান শুরু হবে।
এর আগে ২১ মে ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেষ কার্যদিবস। এরপর সাপ্তাহিক ছুটি ও ঈদের অবকাশ মিলিয়ে শিক্ষার্থীরা দীর্ঘ বিরতিতে যায়।
তবে মাদ্রাসা পর্যায়ে ছুটির সময় আরও দীর্ঘ। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক বন্ধ শেষে ১৪ জুন থেকে এসব প্রতিষ্ঠানে পুনরায় ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি কাটাচ্ছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুনের পর জুলাই ও আগস্ট মাসে কয়েকটি একদিনের সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও আরও কিছু ধর্মীয় ও জাতীয় দিবসের ছুটি রয়েছে।