
অপেক্ষার অবসান—জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (৩ মে ২০২৬) প্রকাশ করা হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি কার্যক্রম নিয়ে ২৪ এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ৩১টি বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। দেশের ৮৮০টি কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আসনসংখ্যার তথ্য তুলে ধরে তিনি বলেন, মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি।
আবেদনসংখ্যা বিশ্লেষণে দেখা যায়, সরকারি কলেজে ৩ লাখ ৯৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। অন্যদিকে বেসরকারি কলেজে আবেদন করেছেন ৫৮ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে উপাচার্য ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে পরিবর্তন, ইংরেজি ও আইসিটি বাধ্যতামূলক করা, ট্রেড কোর্স চালু এবং আগামী বছরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার মতো উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হলেও গত বছর থেকে লিখিত ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে।