
স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তি কার্যক্রমে আর লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে না।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না।
এ পদ্ধতির ইতিহাস তুলে ধরে তিনি জানান, শুরুতে কেবল প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় লটারি চালু করা হয়েছিল। ২০১১ শিক্ষাবর্ষ থেকে যেসব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে, সেখানে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়।
পরবর্তী বছর বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর করা হয়। তবে সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি পরীক্ষা নিয়ে নেওয়া হতো।
পরে করোনাভাইরাস মহামারির সময় পরিস্থিতি বিবেচনায় ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু করা হয়। এরপর থেকে বর্তমানে পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।