
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছেছে। গত সেপ্টেম্বর শেষে তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। ওই সময়ে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই ছিল খেলাপি। গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই বছর বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি। পরবর্তী বছরগুলোতে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
গত পাঁচ বছরের পরিসংখ্যানেও খেলাপি ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। ২০২৪ সালে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।
২০২৫ সালে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ বেড়ে ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকায় দাঁড়ায়। একই সময়ে খেলাপি ঋণও বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট ঋণের হিসাবে খেলাপির হার ছিল ২৯ দশমিক ৯২ শতাংশ।
সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে, ২০২২ সালে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে।
অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পদের বিবরণ অনুসন্ধানে কাজ করছে এই টাস্কফোর্স। এ কার্যক্রমে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন সংস্থা যুক্ত রয়েছে।
তিনি আরও জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি প্রতিরোধে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া অর্থ পাচার বন্ধ এবং বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।