
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার। আগামীকাল রোববার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এ বোর্ড গঠন করা হবে। একই দিন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শ্রমমন্ত্রী বলেন, গতকাল শ্রমিক সংগঠনগুলোর, বিশেষ করে পোশাকশ্রমিকদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেজেট প্রকাশের পর এ নিয়ে আর আন্দোলনের প্রয়োজন থাকার কথা নয়।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিক।
শ্রমিকদের আন্দোলনে বাইরের কোনো পক্ষ উসকানি দিচ্ছে কি না, এমন প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, বাইরে থেকে সংঘবদ্ধ একটি দল শ্রমিকদের উত্তেজিত করছে। তারা শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না এবং শ্রমিকদের দাবির প্রতি তাদের কোনো অঙ্গীকার আছে কি না, তা বিবেচনা করা প্রয়োজন।
পোশাকশিল্প নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে জাতি হিসেবে সবার সচেতন হওয়া প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। তাই শ্রমিকদের অসন্তোষ অব্যাহত রাখার কোনো কারণ নেই। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকরা কাজে ফিরে যাবেন।
শ্রম আইন অনুযায়ী, সরকার চার সদস্যের একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। এ বোর্ডে একজন চেয়ারম্যান, একজন নিরপেক্ষ সদস্য, একজন মালিক প্রতিনিধি ও একজন শ্রমিক প্রতিনিধি থাকেন।
কোনো শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বোর্ডের সঙ্গে কাজ করেন।
শ্রম আইনের ১৩৯ ধারায় বলা হয়েছে, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ওই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারবে।