
টানা তিন দফা কমার পর আবারও দেশের বাজারে বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে নতুন করে সোনার গহনার দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
এর আগে গত ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর—এই তিন দফায় সোনার গহনার দাম কমিয়েছিল বাজুস। ওই তিন দফায় সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমানো হয়।
এরও আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার গহনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছিল। এরপর টানা তিন দফা কমানোর পর এবার আবারও দাম বাড়ল।
এক দিন পরই বাড়ল দাম
গত ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
একই সময়ে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের ওই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে। এরপর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
বেড়েছে রুপার দামও
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার গহনার দামও বাড়িয়েছে বাজুস।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।