
ভোজ্যতেলের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা থেকে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়েছিলেন।
তখন বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারেই বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যেসব পণ্যে বাংলাদেশ আমদানিনির্ভর, সেসব পণ্যের ক্ষেত্রে উৎস পর্যায়ে মূল্য বৃদ্ধি সরাসরি আমদানি ব্যয়ের ওপর প্রভাব ফেলে। সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে।