
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন হয়েছে। প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।
নির্ধারিত নতুন মূল্যে, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৮২৪ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমেছে ৫ হাজার ৮৩২ টাকা। এখন এই মানের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দামও ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, এ মানের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দেশের সব জায়গায় এই দর কার্যকর হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে এবার সেই দরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমল স্বর্ণের দাম।