
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এটিই সংস্থাটিতে সবচেয়ে বড় পরিবর্তন বলে জানা গেছে। এবারের রদবদলে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের শীর্ষ পদসহ গুরুত্বপূর্ণ একাধিক পদে পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশে একযোগে ২২ কর কমিশনারের দায়িত্ব পরিবর্তন করা হয়। একই সঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।
রদবদলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক পদে সেলিনা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা সিআইসির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে তিনি ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মহিদুল ইসলাম। এর আগে তিনি কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আদেশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথমে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। পরে তাদেরসহ মোট ২২ কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়।
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ধারাবাহিক রদবদলের অংশ হিসেবে এনবিআরের কর গোয়েন্দা ইউনিটেও পরিবর্তন আনা হয়। সে সময় সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আবদুর রকিব। এর আগে তিনি এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার ছিলেন।
তখন তার স্থলাভিষিক্ত করা হয় ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার লুৎফুন্নাহার বেগমকে। এবারের নতুন প্রজ্ঞাপনে লুৎফুন্নাহার বেগমকে আবারও ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের আগস্টে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছিল। ওই বছরের সেপ্টেম্বরে সিআইসিসহ দেশের ৪০ জন কর কমিশনারকে একযোগে বদলি করা হয়।
সেই সময় সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বদলি করে তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫-এর কমিশনার আহসান হাবিবকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আহসান হাবিবকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।