
বাংলাদেশ থেকে তাজা আনারস আমদানির অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। এর ফলে পাকিস্তানের বাজারে বাংলাদেশের আনারস রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি বাড়ার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের পথ তৈরি হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (৭ আগস্ট) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে আনারস রপ্তানির অনুমোদন পেতে বাংলাদেশ হাইকমিশন ও উপহাইকমিশনের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করেছে।
হাইকমিশন জানায়, বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা গত কয়েক বছর ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ধারাবাহিক এসব উদ্যোগের ফলেই পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রপ্তানির পথ উন্মুক্ত হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের আশা, পাকিস্তানে আনারস রপ্তানির এই সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও ফলের বাণিজ্য সম্প্রসারিত হবে।