
দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। একই বৈঠকে কৃষি খাতের চাহিদা পূরণে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি (৩)-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে আগামী ১৫ থেকে ১৬ আগস্ট ২০২৬ সময়ের জন্য ৪২তম কার্গো এলএনজি আমদানি করা হবে।
এ ক্রয়ের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এলএনজি কেনা হবে।
এই গ্যাস আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা, যার মধ্যে অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, বৈঠকে চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এ সার সংগ্রহ করা হবে। প্রতি মেট্রিক টন ইউরিয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ মার্কিন ডলার।
কাফকোর কাছ থেকে এ পরিমাণ ইউরিয়া সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।