
চলতি জুন মাসের প্রথম ১৫ দিনেই দেশে ১৬২ কোটি ৩৮ লাখ মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, জুনের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত সময়ে দেশে মোট ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের (২০২৫) একই সময়ে এই পরিমাণ ছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে শুরু করে জুনের ১৫ তারিখ পর্যন্ত দেশে সর্বমোট ৩ হাজার ৪৩৮ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈধ পথে প্রবাসীদের আয় পাঠানোর উৎসাহ এবং সরকারের নীতিগত সমর্থনের কারণে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা গেছে। এর আগে, বিদায়ী মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল, যা এক মাসের হিসাবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর গত মার্চ মাসে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের সর্বকালীন রেকর্ড।