
কোরবানির ঈদ সামনে রেখে দেশের স্বর্ণবাজারে আবারও বেড়েছে দাম। মাত্র দুই দিনের ব্যবধানে নতুন করে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
ঈদকে ঘিরে সাধারণত গয়নার বাজারে চাহিদা বাড়ে। ঠিক সেই সময়েই স্বর্ণের দাম আবারও বাড়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার প্রভাব সরাসরি দেশের বাজারেও পড়ছে।
এর আগে শনিবার (২৩ মে) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। দুই দিনের মাথায় আবারও দাম বাড়ানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বেড়েছে, আর ৩২ দফা কমানো হয়েছে।