
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা দিয়েছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা সমপরিমাণ রেমিট্যান্স।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, মে মাসের প্রথম ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা। এই সময়ে প্রতিদিন গড়ে এসেছে এক হাজার ৬০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা এবং সেবা সহজীকরণের কারণে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। ঈদকে কেন্দ্র করে এ প্রবণতা আরও বাড়তে পারে বলেও তারা আশা করছেন।
মাসভিত্তিক তথ্যে দেখা যায়, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ওঠানামার মধ্য দিয়ে গেলেও সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। বিশেষ করে মার্চ মাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ।
অর্থনীতিবিদরা মনে করছেন, ঈদকেন্দ্রিক এই রেমিট্যান্স প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করবে।