
দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২১ মে) ছয়টি ব্যাংক থেকে মোট ১০ কোটি মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ লেনদেন সম্পন্ন করে। এতে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।
এর আগের কয়েক দিনেও ধারাবাহিকভাবে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২০ মে) ছয়টি ব্যাংক থেকে ৭ কোটি ডলার, মঙ্গলবার (১৯ মে) ৮ কোটি ৫০ লাখ ডলার এবং সোমবার (১৮ মে) ১০ কোটি ডলার কেনা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ৬ দশমিক ২৪ বিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বাজারে ডলারের দর অতিরিক্ত কমে গেলে রপ্তানি আয় ও প্রবাসী আয় প্রেরণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণে নির্দিষ্ট সীমার নিচে দর নেমে যাওয়া ঠেকাতে এ ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে।
গত কয়েক মাস ধরে বাজার পরিস্থিতি বিবেচনায় ডলার কেনাবেচার মাধ্যমে মুদ্রাবাজারে ভারসাম্য আনার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। আগে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হলেও এখন উল্টো ধারা অনুসরণ করে রিজার্ভ শক্তিশালী করার কৌশল নেওয়া হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, ধারাবাহিক এ ডলার ক্রয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে কিছুটা হলেও স্থিতিশীল রাখতে সহায়তা করছে। একই সঙ্গে বাজারে আস্থাও ধরে রাখছে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ।