
দেশে আবারও ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ মূল্য সোমবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তখন প্রতি লিটারের মূল্য ছিল ৭০ টাকা ১০ পয়সা।
বিইআরসি জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আন্তর্জাতিক বাজারে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের বিষয় বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্লাটস রেট ও ডলারের বিনিময় হার বিবেচনা করে নতুন মূল্য অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে জ্বালানিটির দাম বাড়ায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় বাড়তে পারে। এর প্রভাব ভবিষ্যতে বিদ্যুতের দামেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।