
চলতি মে মাসের প্রথম ৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স।
রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি।
এর আগে গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
এ ছাড়া গত ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
গত ডিসেম্বরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এদিকে অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্ট ও জুলাই মাসে দেশে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।