
বিদেশ ভ্রমণ, চাকরি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় নতুন কিছু বিধিনিষেধ ও শর্ত জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফর থেকে শুরু করে বিদেশি এয়ারলাইন্স ও শিপিং কোম্পানির অর্থ লেনদেন পর্যন্ত বিভিন্ন খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণে গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন কিংবা অনাপত্তিপত্র ছাড়া কোনো ট্রাভেল এজেন্ট বা এয়ারলাইন্স টিকিট ইস্যু করতে পারবে না।
বিদেশে চাকরির উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশিদের ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ করা হয়েছে। এখন থেকে বৈধ পাসপোর্ট ও ভিসার পাশাপাশি বিএমইটির ছাড়পত্র ছাড়া বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে না।
একই সঙ্গে বিদেশি এয়ারলাইন্স ও শিপিং কোম্পানিগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনেও বাড়ানো হয়েছে নজরদারি। এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরমে নিয়মিত আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। বিদেশে মুনাফা পাঠানোর আগে স্থানীয় কর, কমিশন, পরিচালন ব্যয় ও সম্ভাব্য ফেরতের অর্থ সমন্বয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া অব্যবহৃত টিকিটের বিপরীতে অন্তত ১০ শতাংশ অর্থ সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।