
ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন থাকলে ব্যাংকগুলো তাদের কর্মীদের সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমান বোনাস দিতে পারবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বোনাস প্রদানের ক্ষেত্রে কিছু মৌলিক শর্ত অবশ্যই মানতে হবে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট বছরে ব্যাংককে অবশ্যই পরিচালন মুনাফায় থাকতে হবে, আগের বছরের তুলনায় মূলধন হ্রাস পাওয়া যাবে না এবং সঞ্চিতি বিলম্ব করার সুবিধা গ্রহণের জন্য নতুন করে কোনো আবেদন করা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই শিথিলতা ব্যাংকিং খাতে কর্মীদের কর্মপ্রেরণা বাড়াবে এবং একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা বজায় রাখবে। আগের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এবং নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ব্যাংক খাতে পারফরম্যান্সভিত্তিক প্রণোদনা ব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে।