
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।
জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে। আগের সেশনেও এই দাম ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগের ট্রেডিং সেশনেও এটি ২.১ শতাংশ বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যার প্রভাব সরাসরি জ্বালানি তেলের দামে পড়ছে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান গোপন কূটনৈতিক আলোচনার বিষয়ে তারা গণমাধ্যমে কোনো তথ্য দেবে না। মার্কিন প্রশাসনের অবস্থান অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই আলোচনার নিয়ন্ত্রণে রয়েছেন এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র প্রসারের ঝুঁকি রোধ করাকেই অগ্রাধিকার দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে অগ্রগতি না হলে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলে তেলের দাম আরও ওঠানামা করতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করবে।