
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রবিবার (১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেমের সেবা কিছুটা ধীরগতির হওয়ায় জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে ই-ভ্যাট সিস্টেমে ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে।
এনবিআর জানায়, ই-ভ্যাট সিস্টেমে সাম্প্রতিক সময়ে প্রসেসিং গতি কমে যাওয়ায় রিটার্ন দাখিল প্রক্রিয়ায় চাপ তৈরি হয়। ফলে করদাতাদের প্রয়োজনীয় সময় দিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে।
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারা করদাতারা নতুন সময়সীমার মধ্যে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে।