
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার মতো দেখতে ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এই সতর্কবার্তা প্রকাশ করে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন জানিয়েছে, ফেসবুক, ইউটিউব ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব কনটেন্টে আসল নোটের ডিজাইন ও আকারকে হুবহু অনুকরণ করে বড় আকারের ‘নমুনা নোট’ দেখানো হচ্ছে। একটি অসাধু চক্র এই নোট ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাজারে বা জনসমাগমে আসল টাকার সদৃশ কোনও কাগজ বা নোট ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ অবৈধ। এই ধরনের কাজ জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক সাধারণ জনগণকে নির্দেশ দিয়েছে যে, আসল নোটের নকল কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার থেকে বিরত থাকতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে কোনও আর্থিক তথ্য যাচাই না করে বিশ্বাস না করারও আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, জালিয়াতি এড়াতে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে জনগণকে সচেতন থাকতে হবে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য এবং তা চিনে নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আর্থিক বিষয়ে বিভ্রান্তি এড়াতে নির্ভরযোগ্য ও দাপ্তরিক উৎসের তথ্যের ওপর নির্ভর করার পরামর্শও প্রদান করেছে।