
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সশস্ত্র হামলার শিকার হন শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এজাহারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ব্যক্তিকে আসামি করা হয়। মামলায় হত্যাচেষ্টার পরিকল্পনা, অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার অভিযোগও আনা হয়।
একই ঘটনায় ১৪ ডিসেম্বর ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পরে তদন্তের এক পর্যায়ে সাহেদা পারভীন, ওয়াহিদ আহমেদ ও মারিয়া আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সর্বশেষ সাহেদা পারভীনের জামিন আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করে হাইকোর্ট।