
জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ওই দিন হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়া-আনার সময় ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত এই দুই কনস্টেবল বিভিন্ন ধরনের শৃঙ্খলাবিরোধী কথাবার্তা বলেন। ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের ওই আচরণ স্পষ্টভাবে ধরা পড়েছে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।
এ পরিস্থিতিতে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে তাদের ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।