
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী নিজেদের লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ায় মনোযোগী রয়েছে।
ইরানের খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি বুধবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন,
“যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে আমরা ভাবছি না। কারণ আমাদের কাছে টানা আট বছর যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত এবং যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।”
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ চলে। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।
এখন পর্যন্ত টানা ৬ দিন ধরে চলা এই যুদ্ধে প্রায় ১,০০০ জন নিহত এবং ৫,০০০-এর বেশি আহত হয়েছে।
সূত্র: আলজাজিরা