
আওয়ামী লীগের সন্ত্রাসবাদ ও নৈরাজ্য আরও বাড়লে এবং সরকার আইনগতভাবে তা মোকাবিলা করতে ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলম। সঞ্চালনায় ছিলেন আরিফ বিল্লাহ আনসার।
যুব নেতৃত্বের ভূমিকা ও রাষ্ট্র সংস্কার
মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মূল নেতৃত্ব দিয়েছিলেন তরুণ ও যুবকেরা। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের গণআন্দোলনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে যুবসমাজের ত্যাগ ও নেতৃত্ব বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে দুঃখজনক বিষয় হলো, রাজপথে তরুণ ও যুবকদের যতটা সাফল্য দেখা যায়, ক্ষমতার আসনে তাদের সাফল্য ততটা নয়। যুব নেতৃত্ব যেদিন রাজপথের পাশাপাশি ক্ষমতার জায়গাতেও সমান সাফল্য দেখাতে পারবে, সেদিনই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মঞ্জু বলেন, তরুণদের মধ্যে অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের সুযোগে পরাজিত ফ্যাসিবাদ আবারও আগের রূপে ফিরে আসার সাহস পাচ্ছে।
তিনি বলেন, গাড়ি ও বাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার পরও যারা আবার রাজনীতিতে ফেরার কথা বলছে, তাদের মনে রাখা উচিত, জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে তোলার কারণেই একসময় তাদের শোচনীয় পতন হয়েছিল।
গৃহযুদ্ধের শঙ্কা, দায় নিতে হবে সরকার ও আওয়ামী লীগকে
সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসবাদ আরও বাড়তে থাকলে এবং সরকার আইনগতভাবে তা মোকাবিলা করতে ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে গৃহযুদ্ধ শুরু হলে এর দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁরা জীবনও দিয়েছেন। কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস, উদ্যম ও আবেগকে ইতিবাচকভাবে রাষ্ট্র গঠনের কাজে লাগানোর পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে।
তিনি বলেন, দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিতে তরুণদের জড়িয়ে তাদের সম্ভাবনা নষ্ট করা হয়েছে। অথচ নতুন চিন্তা ও উদ্ভাবন, নেতৃত্ব তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখাই ছিল তরুণদের মূল কাজ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন বলেন, তরুণ সমাজকে যোগ্য ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারলে সমাজের অগ্রগতি সম্ভব হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করতে হবে।