
পাহাড়ের দুর্গম এলাকায় ছানিজনিত সমস্যায় দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে দুই ধাপে ১৪৫ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন রোগী অপারেশন-পরবর্তী চিকিৎসা নিচ্ছেন।
গত ১৯ আগস্ট পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে সেখানে চোখের সমস্যায় ভোগা মানুষ আসতে শুরু করেন। কেউ লাঠিতে ভর দিয়ে, আবার কেউ নাতি-নাতনির হাত ধরে চিকিৎসা নিতে আসেন। ওই দিন প্রায় ৬০০ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পান।
চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় তাদের মধ্যে ১৫৫ জনের চোখে ছানি শনাক্ত হয়। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে না পারা এসব মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে উদ্যোগ নেয় সেনাবাহিনী।
এর ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর প্রথম ধাপে ৮৪ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়। পাহাড় থেকে শহরে যাতায়াতসহ প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা হয়। সেখানে ৬৩ জনের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
অপারেশনের পর দৃষ্টিশক্তি ফিরে পেয়ে অনেক রোগীর জীবনে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে সন্তানের মুখ দেখতে না পাওয়া কোনো বৃদ্ধ মা আবার প্রিয়জনকে দেখতে পারছেন। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আনন্দে তাদের চোখে ঝরছে অশ্রু।
গত ১৪ নভেম্বর দ্বিতীয় ধাপে আরও ৮০ জন রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়। তাদের মধ্যে ৫৮ জনের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। এ ছাড়া আরও তিনজন রোগী বর্তমানে হাসপাতালে অপারেশন-পরবর্তী চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে দ্বিতীয় ধাপে ৬১ জন রোগীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে।
তবে বাকি ১৯ জন রোগীর শরীরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতা থাকায় তাৎক্ষণিকভাবে অপারেশন করা সম্ভব হয়নি। তাদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়নি; বরং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক অবস্থা সুস্থ হলে তাদের আবারও চট্টগ্রামে পাঠানো হবে। কারণ, এই উদ্যোগে কাউকে পেছনে ফেলে যাওয়ার পরিকল্পনা নেই।
একজন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া মানে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ তৈরি করে দেওয়া। চোখে দেখতে না পারায় যে কৃষক মাঠে যেতে পারতেন না, তিনি আবার কৃষিকাজে ফিরতে পারবেন। যে মা সন্তানের মুখ দেখতে পেতেন না, তিনি আবার সন্তানকে দেখতে ও বুকে জড়িয়ে ধরতে পারবেন। অন্যের হাত ধরে চলতে অভ্যস্ত যে বৃদ্ধ বাবা, তিনিও আবার নিজের পায়ে চলার সুযোগ পাবেন।
দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ের মানুষের সুখ-দুঃখেও পাশে থাকার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ভূমিকা ফুটে উঠেছে। অস্ত্রের পাশাপাশি চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ পাহাড়ি জনপদে ইতিবাচক সাড়া ফেলেছে।
খাগড়াছড়ির মানুষের কাছে সেনাবাহিনীর এই কার্যক্রম শুধু নিরাপত্তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে মানুষের জীবনেও আলো ফেরানোর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইতোমধ্যে পাহাড়ের বিভিন্ন এলাকায় এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে। যেসব রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে, তারা নিজ নিজ গ্রামে ফিরে অন্যদের চিকিৎসা নিতে উৎসাহিত করছেন। তাদের অভিজ্ঞতায় আশ্বস্ত হচ্ছেন চিকিৎসার অপেক্ষায় থাকা অন্য রোগীরাও। ফলে যাদের চোখে একসময় অন্ধকার নেমে এসেছিল, তাদের মধ্যে এখন নতুন করে আশার সঞ্চার হয়েছে।
পাহাড়ের মানুষের প্রত্যাশা, বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কারণ, দুর্গম পাহাড়ি এলাকার এখনো অনেক মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
সেই অপেক্ষার অবসান ঘটাতে খাগড়াছড়ি জোনের এই উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা পাহাড়বাসীর। অন্ধকার পেরিয়ে আলোর পথে ফিরে আসুক পাহাড়ের প্রতিটি চোখ।