
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো রহস্যের জট খোলেনি। আগুন লাগার কারণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের ধারণা, বিরোধীদলীয় সংসদ সদস্যদের পালটা অভিযোগ এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ভিন্ন পর্যবেক্ষণে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এর মধ্যে দ্বিতীয় দিনের মতো তদন্ত কার্যক্রম চালিয়েছে চার সদস্যের তদন্ত কমিটি। সবকিছু ছাপিয়ে এখন সংশ্লিষ্টদের নজর কমিটির চূড়ান্ত প্রতিবেদনের দিকে।
শনিবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি এখন পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও নিত্যব্যবহার্য জিনিসপত্র পুড়ে যাওয়ায় আগুনের ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) এই সময়সীমা শেষ হচ্ছে। তদন্ত কমিটির সদস্যদের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই আগামীকাল চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আগুনের উৎস, বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা এবং পরিকল্পিত হামলার অভিযোগের বিষয়ে কী উঠে আসে, তা জানতে অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ঘটনাটি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তের তথ্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাড়ির পুরোনো বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে পেট্রলবোমা ব্যবহারের কোনো প্রাথমিক আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সরাসরি নাকচ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুন লাগার কারণ নিয়ে এমন মন্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। তাদের দাবি, পরিকল্পিত হামলার অভিযোগকে গুরুত্ব দিয়ে ঘটনাটির তদন্ত করতে হবে।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের ধারণার সঙ্গে একমত নয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাথমিক পর্যবেক্ষণ। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর এসপি তাকে ফোন করেছিলেন। এলাকাটি প্রাগপুর জোনের আওতাধীন হওয়ায় ওই জোনের এজিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের স্থাপিত মিটারের অবস্থান ছিল একদিকে, অথচ আগুন লেগেছে তার বিপরীত পাশে। এ কারণে প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখছি না।
পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওঅ্যান্ডএম) তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ সরবরাহের মিটার, ট্রান্সফরমারের ফিউজ, সংযোগ লাইন ও মেইন সুইচ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তার দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট সব আলামত অক্ষত থাকায় তাদের প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলেই ধারণা করা হচ্ছে।
এর আগে শুক্রবার বিকেলে নুসরাতের বাড়ি পরিদর্শনে যান ১১ দলীয় জোটের বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল। এই দলে ছিলেন সংসদ সদস্য আব্দুল গফুর, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। বাড়িটি ঘুরে দেখার পর সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন তারা। পরে প্রতিনিধিদলটি কুষ্টিয়া ত্যাগ করে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।