
বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে খড়কুটোর ওপর একটি পাতলা কম্বল বিছিয়ে অবস্থান করছেন এক নারী। সীমান্তের দুই পাশে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফ। গত চার দিন ধরে এমন পরিস্থিতি চলছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে।
এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীকে নিয়ে অনেকেই পোস্ট দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন ওই নারী। তাঁকে নিজেদের নাগরিক হিসেবে স্বীকার করছে না বাংলাদেশ কিংবা ভারত—কোনো দেশই।
বিজিবির অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে অবৈধভাবে তাঁর বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেন স্থানীয় বাসিন্দা ও বিজিবির সদস্যরা।
এরপর থেকেই দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে রয়েছেন ওই নারী। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও তাঁর দায়িত্ব নিতে রাজি হয়নি কোনো পক্ষ। বিষয়টির সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। শুক্রবার বিকেল পর্যন্ত উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল।
এ অবস্থায় বাধ্য হয়ে খোলা মাঠে, আকাশের নিচেই দিনের পর দিন মানবেতর জীবন কাটাতে হচ্ছে ওই নারীকে।
পরিচয় নিয়ে ধোঁয়াশা
বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় চার দিন ধরে অবস্থান করলেও ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বাংলাদেশের নাগরিক, নাকি ভারতের- এ নিয়ে বিজিবি ও বিএসএফ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। তবে কোনো পক্ষই তাঁকে নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দিচ্ছে না।
শুক্রবার বিকেলে পাথরের চর সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর থেকে কয়েক দিন স্থানীয়রা ওই নারীকে ভাত, বিস্কুট ও পাউরুটির মতো খাবার পৌঁছে দিয়েছেন। তবে শুক্রবার থেকে সেটিও আর সম্ভব হয়নি।
অর্থাৎ, চার দিন ধরে খোলা জায়গায় রোদ ও ঠান্ডা সহ্য করে মানবেতর পরিস্থিতিতে দিন কাটছে তাঁর।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী ওই নারীর সঙ্গে কথা বলেন। তাঁদের একজন জামালপুরের জি এম ফাতিউল হাফিজ বাবু জানান, ওই নারী নিজের ঠিকানা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না।
তিনি বলেন, "সে নিজের নাম বলেছেন ফুজি বেগম, বাবার নাম হানিফ, বয়স আনুমানিক ত্রিশ। একবার বলেছেন তার বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলায়, আবার বলেন ঝালকাঠি, আরেকবার বলেন বরিশাল।"
ওই নারীর কথাবার্তায় অসংগতিও রয়েছে বলে দাবি করেন ফাতিউল হাফিজ বাবু। তিনি বলেন, "তাকে দেখে এবং কথা বলে অ্যাবনরমাল মনে হয়েছে। শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন, ওদিকে গেলে বিএসএফ বাধা দেয় এদিকে আসলে বিজিবি বাধা দেয়।"
শুক্রবার বিকেলে ওই এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গেও কথা হয়েছে। তাঁরা জানান, ঘটনার শুরুর দিকে কয়েক দিন ওই নারীকে কিছু শুকনো খাবার দেওয়া সম্ভব হলেও শুক্রবার থেকে সেটিও বন্ধ হয়ে গেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "অনেকেই বর্ডারে ওই নারীরে দ্যাখতে আইতাছেন। কিন্তু গত কয়দিন একটু কাছে যাওয়া গেলেও আইজগ্যা আর দেহন যাই নাই, খাবারও দিতে পারছি না।"
স্থানীয় গণমাধ্যমকর্মী ফরহাদ রেজা দাবি করেন, বিজিবির সঙ্গে কথা বলে স্থানীয় বাসিন্দারা গত কয়েক দিন ওই নারীকে কিছু শুকনো খাবার ও পানির বোতল পৌঁছে দিতে পেরেছিলেন। কিন্তু শুক্রবার বিএসএফ তাতে আপত্তি জানিয়েছে।
তিনি বলেন, "গণমাধ্যমকর্মীরা গত কয়দিন কাছ থেকেই রিপোর্টিংয়ের প্রয়োজনে ফুটেজ নিতে পারছি কিন্তু আজ (শুক্রবার) অবস্থা একদমই বেগতিক। তারা কাছেই যেতে দেয়নি।"
এদিকে, ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও। বাহিনীটির দাবি, ওই নারী এখন পর্যন্ত নিজের পরিচয় ও ঠিকানা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, "সে তো কংক্রিট কোনো অ্যাড্রেস (ঠিকানা) দিতে পারছে না আমাদেরকে। অসম্পূর্ণ কিছু তথ্য দিচ্ছে। আর উনি কিছুটা... স্বাভাবিক কথাবার্তা চালানো মুশকিল।"
সীমান্তে টহল জোরদার
জামালপুরের পাথরের চর সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ওই নারী বাংলাদেশের নাগরিক, নাকি ভারতের—এ প্রশ্নই এখন সামনে এসেছে। এ বিষয়ে সীমান্তে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
শুক্রবার বিকেলে তিনি জানান, শূন্যরেখায় আটকে থাকা ওই নারীর বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। তাঁকে যেন বিএসএফ ফিরিয়ে নেয়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, "সীমান্তে বিএসএফ আছে, বিজিবি আছে, ওই মহিলা আগের মতোই শূন্য রেখায় বসে আছেন, কোনো ডিসপোজাল নাই।"
সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেওয়া ওই নারীকে বিএসএফ জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, এমন প্রমাণ বিজিবির কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
হাসানুর রহমান বলেন, "ওরা (বিএসএফ) বলে বাংলাদেশের মানুষ আমরা (বিজিবি) বলছি ইন্ডিয়া থেকে তারা পুশ করেছে। তারা যে পুশ করেছে এর প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু ওরা সেটা স্বীকার করতে চায় না।"
এ বিষয়ে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, "বিজিবি-বিএসএফ সবসময়ই কমিউনিকেশন হচ্ছে। আমাদের অথরিটি লেভেলে যোগাযোগ আছে।"
তবে চার দিন ধরে মানবেতর পরিস্থিতিতে শূন্যরেখায় অবস্থান করা ওই নারীকে নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের কোনো সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। ফলে ওই নারীকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত।
এর আগে চলতি বছরের জুন মাসেও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের শিকার হওয়া দুই শিশুসহ একটি পরিবারের চার সদস্যকে ৯৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছিল।
এ ছাড়া জামালপুরের কামালপুর সীমান্ত দিয়ে ষষ্ঠী চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি এবং একই জেলার ঝাওডাংগা সীমান্ত দিয়ে এক যুবককে পুশইনের ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
পুশইন নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে উত্তেজনা
২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এরপর থেকে সীমান্তে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে।
বিশেষ করে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক দাবি করে জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বা পুশইনের অভিযোগ তুলেছে বাংলাদেশ। তবে বিএসএফ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
বাংলাদেশের জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এ নিয়ে একাধিকবার বিরোধী দলের প্রশ্নের মুখে পড়েছে সরকার।
সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকারের নির্দেশনায় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় প্রতিবেশী দেশ থেকে পুশইনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।
তিনি জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে দুই হাজার ৪৮২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছিল। তবে এরপর থেকে চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত পুশইনের শিকার হয়েছেন ৩৭ জন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "পশ্চিমবঙ্গে ক্ষমতার পট পরিবর্তনের পর যে পরিমাণে বাংলাদেশ সীমান্ত বরাবর সমস্ত জায়গায় পুশ ইন এর প্রচেষ্টা নেওয়া হয়েছিল, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে মোকাবেলা করেছি।"
এ ছাড়া বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনাও কমেছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সূত্র: বিবিসি