
ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাত ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শুক্রবার নরসিংসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে বালুবাহী একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে তরিকুল ইসলাম (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়। এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। পরে মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়।
মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, অন্যায়ভাবে মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও জানান তারা।
কর্মবিরতির কারণে শনিবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।