
খাগড়াছড়ির রামগড় সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম এলাকায় অংথেপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি সাবেক বিডিআর সদস্য ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু মারমা। রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনেরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন।
নিহতের ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবির বিওপিতে বিষয়টি জানানো হয়। এরপর বিজিবিও তাঁকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করে।
তিনি আরও জানান, শনিবার ভোরে গ্রামবাসী ও স্বজনেরা আবারও খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে বাবার ঘাসের বস্তাটি দেখতে পান তাঁরা। এরপর আশপাশে খোঁজ করতে গিয়ে নদীর ওপারে ভারতের অংশে পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। অংথেপ্রু মারমার কপালে আঘাতের চিহ্ন ছিল এবং তখনো রক্তক্ষরণ হচ্ছিল।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮-এস বিডি নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় পৌঁছায়। তবে তাঁদের পৌঁছানোর আগেই স্বজনেরা নদীর ওপার থেকে মরদেহটি উদ্ধার করে বাংলাদেশের অংশে নিয়ে আসেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ১০টার দিকে মরদেহটি থানায় নিয়ে যায়।
রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক জানান, শুক্রবার রাতে অংথেপ্রু মারমার নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছিল। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তাদের সহযোগিতাও চাওয়া হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, ‘সীমান্ত আইন অনুযায়ী বিজিবি এ ব্যাপারে পদক্ষেপ নেবে।’