-6af8008bd8f1c.webp)
নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে ১২ লাখ টাকা দাবি এবং তিন লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদেরের অভিযোগ, মঙ্গলবার দুপুরে তাকে আটকে রেখে মারধর করা হয়। পরে বাড়ি থেকে লোক মারফত তিন লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয় তাকে।
এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল কাদের।
অভিযোগে উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেনের (৩৫) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সবাই জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন বাবুল হোসেন। এ খবর পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় তিন লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
সেতুর পাশে যে জমিতে সোঁতিজাল বসানো হয়েছিল, সেটি তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদেরের বলে জানা গেছে। তিনি জোনাইল পাগলা বাজারে ব্যবসা করেন।
আব্দুল কাদেরের দাবি, সোঁতিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন তাকে সন্দেহ করেন। উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাকে আটকে রাখা হয়। এ সময় ক্ষতিপূরণের কথা বলে তার কাছে ১২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর বাড়ি থেকে লোক মারফত তিন লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয়। পাশাপাশি আরও এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও আদায় করা হয় তার কাছ থেকে।
অভিযোগকারী আব্দুল কাদের বলেন, জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে তার জায়গা-জমি রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর চামটা বিলে সোঁতিজাল উচ্ছেদ এবং চায়না দুয়ারি জাল পুড়িয়ে নষ্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
তিনি বলেন, ওই দিন দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে আফসার আলীর বাড়ির পাশের একটি আমবাগান থেকে বাবুল হোসেন ও তার লোকজন তাকে তুলে চামটা বিলে নিয়ে যান।
আব্দুল কাদেরের ভাষ্য, সেখানে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে তিনি খবর দিয়েছেন বলে অভিযোগ করেন। একপর্যায়ে তার কাছে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং মারধর করা হয়। পরে লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে তাদের হাতে তুলে দেন তিনি। এ ছাড়া আরও এক লাখ টাকা দেওয়ার অঙ্গীকারও আদায় করা হয়।
তার অভিযোগ, ওই সময় বাবুল হোসেন ও আফসার আলীসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। আফসার আলী তার হাত থেকে টাকা নেন। এ ঘটনা নিয়ে মুখ খুললে কিংবা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাকে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আফসার আলী। তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কোথায় কী ঘটেছে, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই।
অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, প্রশাসনকে খবর দেওয়ার ঘটনায় তাকে সন্দেহ করা হয়েছিল। তবে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত না থাকায় আত্মীয়স্বজন এসে তাকে নিয়ে গেছেন। মারধর কিংবা টাকা লেনদেনের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনাটি বিব্রতকর। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।