.webp)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ৪৯ দিন পর মারা গেছে আফরিন আক্তার (১৩) নামের এক কিশোরী। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর মামি সোনিয়া আক্তার তার শরীরে গরম পানি ঢেলে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রওশন আরার অভিযোগ, তার ভাইয়ের স্ত্রী সোনিয়া বিভিন্ন সময়ে তাদের প্রাণনাশের হুমকি দিতেন।
গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। ওই সময় বাড়িতে একা ঘুমিয়ে ছিল আফরিন। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ঝলসে যায় তার।
আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে মামলার আসামি হিসেবে কিশোরীর মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও মোস্তফা মিয়াকে গ্রেফতার করেছে। বর্তমানে তারা নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।
রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করেও জাকির ও সোনিয়ার সঙ্গে তাদের বিরোধ দেখা দিয়েছিল। এসব বিরোধের জের ধরেই তার মেয়ের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়। মেয়েকে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেন তিনি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার মৃত্যুর পর আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ছাড়া মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।