
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে পর্যটকদের গাড়ি অবরোধমুক্ত করে খাগড়াছড়ি নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, পর্যটকরা নিরাপদে দিঘীনালার কাছাকাছি পৌঁছেছেন। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে প্রায় তিন হাজার পর্যটক রওনা হন। তবে সকাল সাড়ে ৮টায় সাজেক ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে।
অবরোধকারীরা উজোবাজার এলাকায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশন।
তবে এ-সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর নির্যাতনের অভিযোগ থেকে মানুষের দৃষ্টি সরাতেই তারা এ কাজ করছে বলে দাবি করেন তিনি।