
নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মাধবদীর কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বয়লার বিস্ফোরণের পর মিলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী সদর থেকে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে প্রথমে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) বলেন, খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল।