
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক মাসুদ খান।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সিসিটিভি ক্যামেরা, সার্বিক নিরাপত্তাব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের তৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জোন অধিনায়ক মাসুদ খান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনে সেনাবাহিনী সব সময় পাশে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
এ সময় জোনের জেডএসও মেজর সামিউল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
জোন অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।